ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের ‘ভূমিজ সংস্কৃতি ও সাহিত্য’ কোর্সের ক্ষেত্রসমীক্ষা পরিচালনা
গত ১৬ জুলাই, ২০২৬ তারিখ বৃহস্পতিবার অনু্ষ্ঠিত হয় ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘ভূমিজ সংস্কৃতি ও সাহিত্য’ (বিএলএল ৩১০১) কোর্সের মাঠভিত্তিক গবেষণাকর্ম। এই ক্ষেত্রসমীক্ষার অংশ হিসেবে দোহারের জয়পাড়া ও রায়পাড়া গ্রামকে নির্বাচন করা হয়। পরিচালিত ক্ষেত্রসমীক্ষাটি ছিল তাত্ত্বিক শিক্ষার সাথে ব্যবহারিক অভিজ্ঞতার এক অপূর্ব সমন্বয়। কোর্স শিক্ষক শিরিন আক্তারের যোগ্য ও দূরদর্শী তত্ত্বাবধানে পরিচালিত এই মাঠকর্ম শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরে থাকা জীবন্ত ও সম্যক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এই গবেষণাকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাঁতশিল্পীদের কঠোর জীবনসংগ্রাম ও সুনিপুণ কর্মযজ্ঞের তথ্যই সংগ্রহ করেনি বরং গভীরে প্রোথিত লোক-সংস্কার, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও যাপিত জীবনের নানা অলিখিত অধ্যায় উন্মোচন করেছে। এ সময় দোহারের বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের আমন্ত্রণে শিক্ষক-শিক্ষার্থীরা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আলোচনায় ইউল্যাবে পড়ার পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক শিরিন আক্তার এবং মো: অবেদুল্লাহ। একটি জনগোষ্ঠীর মনস্তত্ত্ব ও লোকঐতিহ্যকে অনুধাবন করার জন্য এমন প্রত্যক্ষ অনুসন্ধান অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠা ও নৈপুণ্যের সাথে এই গবেষণাকর্মটি সম্পাদন করেছে যা তাদের তাত্ত্বিক জ্ঞানকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি আমাদের লোকসংস্কৃতির অমূল্য উপাদানগুলোকে নথিবদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।